জাতীয় সংসদ ভবনে মুজিববর্ষের আলোকসজ্জার উদ্বোধন করেছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের আলোকসজ্জা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আলোকসজ্জার উদ্বোধন শেষে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধু বাঙালি জাতির আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ একটি ঐতিহ্যবাহী ভবন। মুজিববর্ষ উপলক্ষে ২৬ মার্চ পর্যন্ত সংসদ ভবন আলোকিত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, বিশিষ্ট ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








