প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘দক্ষতা ও সচেতনতা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য। এর অভাবে অনেক সময় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটে থাকে। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দফতর সদা তৎপর। মানবপাচার ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে হয়রানি বা প্রতারণার বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স।’
শনিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে 'নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ' শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যমান শ্রমবাজার ধরে রাখাসহ নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।







