গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে ২৪ জনই ঢাকা বিভাগের। মৃতদের মধ্যে ২০ জনের বয়স ৬০ বছরের বেশি। সোমবার (২২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে মোট মারা যাওয়া আট হাজার ৭২০ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে। এই বিভাগে মারা গেছেন চার হাজার ৯১৫ জন। শতকরা হিসেবে যা ৫৬ দশমিক ৩৬ শতাংশ। মোট মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম বিভাগের রয়েছেন এক হাজার ৬০০ জন (১৮ দশমিক ৩৫ শতাংশ) রাজশাহী বিভাগের ৪৮৮ জন (পাঁচ দশমিক ৬০ শতাংশ), খুলনা বিভাগের ৫৭০ জন (ছয় দশমিক ৫৪ শতাংশ), বরিশাল বিভাগের আছেন ২৬৫ জন (তিন দশমিক শূন্য চার শতাংশ), সিলেট বিভাগের ৩১৫ জন (তিন দশমিক ৬১ শতাংশ), রংপুর বিভাগের ৩৬৮ জন (চার দশমিক ২২ শতাংশ) আর ময়মনসিংহ বিভাগের আছেন ১৯৯ জন যা কিনা দুই দশমিক ২৮ শতাংশ
২০ জন ষাটোর্ধ্ব
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২০ জনের বয়স ৬০ বছরের বেশি। এ পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেছেন আট হাজার ৭২০ জন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব চার হাজার আট হাজার ৭৫ জন, শতকরা হিসেবে যা ৫৫ দশমিক ৯১ শতাংশ।
করোনায় আক্রান্তদের মধ্যে ষাটোর্ধ্বরা ঝুঁকিতে রয়েছেন সবসময় বলে এসেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার সঙ্গে যদি আগে থেকে অন্যান্য জটিল রোগ যেমন ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চরক্তচাপ, হৃদরোগ, ক্যান্সারের মতো রোগে আক্রান্তরা উচ্চ ঝুঁকিতে থাকেন।
স্বাস্থ্য অধিদফতরের আজকের বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে মোট মারা যাওয়া আট হাজার ৭২০ জনের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন চার হাজার ৮৭৫ জন, শতকরা হিসবে ৫৫ দশমিক ৯১ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন দুই হাজার ১৫৬ জন (২৪ দশমিক ৭২ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ৯৮৪ জন (১১ দশমিক ২৮ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৪৩৯ জন (চার দশমিক ৯২ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১৭৩ জন (এক দশমিক ৯৮ শতাংশ), ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে ৬৬ জন (শূন্য দশমিক ৭৬ শতাংশ) আর শুন্য থেকে ১০ বছরের মধ্যে আছে ৩৭ জন (শুন্য দশমিক ৪২ শতাংশ)।









