শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬:৫২

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের এই বিচারককে সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত করে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শুক্রবার শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি। তার কিছুক্ষণ পর রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও সরকার প্রধান শেখ হাসিনা একসঙ্গে সেখানে প্রবেশ করেন। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়ালে নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত বাজানো হয়।

শপথ পড়ার পর নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন দেশের নতুন প্রধান বিচারপতি। শপথ শেষে রাষ্ট্রপতি শুভেচ্ছা জানান নতুন প্রধান বিচারপতিকে।

সাধারণত আইনাঙ্গনের সংশ্লিষ্টরা এবং সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন। তবে করোনাভাইরাস মহামারির মধ্যে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়। অনুষ্ঠানের ৬০ জনের জন্য আসন রাখা হয়েছিল। শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। এছাড়া তিন বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উচ্চ আদালতের দুই বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর। তিনি ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে হাই কোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ২০০৯ সালে হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন।

প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যসহ অতিথিরা

সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে হাসান ফয়েজ সিদ্দিকী দুই বছর প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত থাকছেন।

তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

শপথে প্রধান বিচারপতি বলেন, ‘আমি হাসান ফয়েজ সিদ্দিকী, প্রধান বিচারপতি নিযুক্ত হয়ে সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সঙ্গে আমার পদের কর্তব্য পালন করবো; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করবো; আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করবো; এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি আইন-অনুযায়ী যথাবিহিত আচরণ করবো।’

আরও পড়ুন:

আপিল বিভাগে দুই ভাই 
নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী