করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপ কমে আসছে। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু ও পরীক্ষা বেড়েছে। তবে কমেছে শনাক্ত হওয়া রোগী সংখ্যা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩০ জন। আর গত সপ্তাহে (৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) মারা গিয়েছিলেন ২২৬ জন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।
গত সপ্তাহে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ১৩২ জন। তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৭৬ হাজার ২০০ জন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নতুন শনাক্ত রোগীর হার কমেছে ৩৬ দশমিক ৮ শতাংশ।
গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৬৮ হাজার ৬৯৮টি এবং তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ৯৩ হাজার ৮৫টি। অর্থাৎ নমুনা পরীক্ষার হার কমেছে ৮ দশমিক ৩ শতাংশ।
অধিদফতর জানাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১০৫ জন এবং তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৩৬ হাজার ৯০৫ জন। অর্থাৎ সুস্থ হওয়া রোগীর হার বেড়েছে ১০৬ দশমিক ২ শতাংশ।









