জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুরা আজ ও ভবিষ্যতের লিডার। শিশুদের সার্বিক সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। শিশু অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।’
রবিবার (২৪ জুলাই) ঢাকার হোটেল রেডিসন ব্লু-তে ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
স্পীকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে শিশুদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।’ বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়নের মাধ্যমে শিশুর কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেন স্পিকার।
ড. শিরীন শারমিন বলেন, ‘এসডিজি অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিশেষ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শিশুদের শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। এ জন্য শিক্ষাবৃত্তি প্রেরণ, বিনামূল্যে বই বিতরণ ও আইসিটি ল্যাব স্থাপন করা হচ্ছে।’ এ সময় স্পিকার ওয়ার্ল্ড ভিশনকে বাংলাদেশের দরিদ্র জনগণের পাশে থেকে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সাউথ এশিয়া প্যাসিফিক অফিসের রিজিওনাল লিডার চেরিয়্যান থমাস এবং ইউএস অ্যাম্বাসি অব বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স অ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি) চন্দন জেড গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন দূতাবাস ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









