জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনের ‘সিংহ পুকুরে’ বিভিন্ন দেশি মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৫ জুলাই) বিকালে বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, পাবদা, চিংড়ি, মহাশোলসহ দেশীয় প্রজাতির পাঁচ হাজার ৩৯০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।
শনিবার শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগানে শুরু হয়েছে এবারের মৎস্য সপ্তাহ।
রবিবার (২৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন। ওই দিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’-এর উদ্বোধন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।
বঙ্গভবনের অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সংসদ সদস্য রেজোয়ান আহম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।









