কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, এআইপি সম্মাননা প্রবর্তন কৃষি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে কৃষি পেশার মর্যাদা আরও বাড়বে। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া প্রথমবারের মতো ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)-২০২০’ সম্মাননা পেয়েছেন ১৩ জন। কৃষিকাজ করে এরকম জাতীয় স্বীকৃতি পাওয়ায় অভিভূত ও আবেগে আপ্লুত হয়েছেন সম্মাননা প্রাপ্তরা।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (এআইপি) সম্মাননা প্রদান করা হয়। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ সম্মাননা প্রদান করেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষির সাফল্যের অন্যতম কারিগর দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদের প্রতি বছর সম্মাননা জানানোর জন্য এআইপি একটি মহৎ উদ্যোগ। কৃষকদের সম্মান জানানোর জন্য এটি একটি নতুন উদাহরণ। এআইপি সম্মাননা প্রবর্তন কৃষি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে কৃষি পেশার মর্যাদা আরও বাড়বে।’
মন্ত্রী বলেন, ‘এআইপি সম্মাননা দিয়ে আমরা কৃষকসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদের সম্মানিত করেছি, নিজেকে সম্মানিত করেছি এবং সেই সঙ্গে জাতিকেও সম্মানিত করেছি। আগামী দিনের কৃষিকে আমরা বাণিজ্যিক ও সম্মানজনক পেশা হিসেবে উন্নীত করতে চাই। কৃষিতে শিক্ষিত, মেধাবী ও সৃজনশীল তরুণদের আকৃষ্ট করতে চাই। এ সম্মাননা এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
উল্লেখ্য, সরকার দেশে কৃষির সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষি বিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদের প্রতি বছর সম্মাননা জানাতে ও তাদের উৎসাহিত করতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা প্রদানের জন্য ২০১৯ সালে এআইপি নীতিমালা প্রণয়ন করে। তার আলোকে প্রথমবার ২০২০ সালের সম্মাননা আজ প্রদান করা হলো। এআইপি সম্মাননা প্রাপ্তরা সিআইপিদের মতো সুযোগ-সুবিধা পাবেন।









