বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএ) ডিরেক্টর মিস ইনো ইবং। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে অব্যাহত অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
ইউএসটিডিএ’র ডিরেক্টর ১ আগস্ট ওয়াশিংটন ডিসির সদর দফতরে সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানানোর পাশাপাশি তারা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ভিক্সবার্গ এবং নিউ আরলিনস সফরের উদ্দেশে গমন করেন।









