১২ বছর পরে বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়েন্ট রিভার কমিশনের বৈঠককে ঢাকা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, জেআরসি বৈঠক ১২ বছর হয়নি। এতদিন পরে মন্ত্রী পর্যায়ে একটি বৈঠক হচ্ছে, এটি ইতিবাচক বিষয়।
সময়টা ভালো, কারণ এটি প্রধানমন্ত্রীর সফরের আগে হচ্ছে, সুতরাং আমরা অনেক কিছু আশা করবো জানিয়ে তিনি বলেন, নদীতে অনেক ইস্যু এবং সেখানে আলোচনার পরে যদি বিষয়গুলো সমাধান করা যায়, সেটি ভালো।
সচিব বলেন, কুশিয়ারা নদীর একটি সমাধানের সম্ভাবনা আছে। এছাড়া গঙ্গা নদীর পানিচুক্তি ২০২৬-এ শেষ হবে। সেটির বিষয়ে প্রাথমিক আলোচনা করা যায়। এছাড়া বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে এ বছর আমরা কিছু সুবিধা পেয়েছি। এখানে এটি কীভাবে জোরদার করা যায় সেটি নিয়ে আলোচনার সুযোগ আছে।
তিনি বলেন, ‘নদী মানেই পানির হিস্যা নয়। এখানে আরও ইস্যু আছে।’









