বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর বীরাঙ্গনাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন আর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই পুনর্বাসন কেন্দ্রগুলো উঠিয়ে দেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, এতেই প্রমাণিত হয়, জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বীরাঙ্গনার আত্মকথন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা শুধু মুক্তিযুদ্ধের ৯ মাস নির্যাতিত হয়েছিলেন, তা নয়, আজ পর্যন্ত তাদের এ গ্লানি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম হানিফ।
বইটির ওপর আলোচনা করেন ঢাবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এবং মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
বইটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম ও বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো শিল্পী বেগম। মুক্তিযুদ্ধে ২০ নারী মুক্তিযোদ্ধার কথা, অত্যাচার ও নির্যাতনের কাহিনী এবং যুদ্ধ পরবর্তী জীবনের কথাই বলা হয়েছে বইটিতে। বইটি প্রকাশ করেছে একাত্তর প্রকাশন।
/এনএস/এমএনএইচ/







