দেশের সাত উপজেলা ও চার পৌরসভাসহ শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে আজ বুধবার (২ নভেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেল পর্যবেক্ষণ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনও অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে অপেক্ষমাণ দেখছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি।
আজ তিন উপজেলায় সাধারণ নির্বাচন হচ্ছে, আর চার উপজেলায় হচ্ছে উপনির্বাচন। ১৯ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ১২টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। পাশাপাশি ৩৬ জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপনির্বাচনের ভোট হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলছে। চার পৌরসভায় ভোটকেন্দ্রে সিসি টিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজ চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। সাতটি উপজেলায় নির্বাচন হচ্ছে সেগুলোয় আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখি নাই। সেসব জায়গায় ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।









