ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আগামী জাতীয় নির্বাচনের আগেই প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব প্রদান না করে নতুন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে জাতীয় সংসদে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং মেরিনা জাহান অংশ নেন।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের গোপালগঞ্জ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ শেষ করার সুপারিশ করা হয়।
বৈঠকে স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হওয়ায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানানো হয়।









