প্রধানমন্ত্রীর প্রশ্ন

‘ভাষা আন্দোলনে অবদান না থাকলে বঙ্গবন্ধু জেলে ছিলেন কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭

ভাষা আন্দোলনে অবদান না থাকলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে কেন জেলে বন্দি করেছিল– এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বঙ্গবন্ধু জেলে ছিলেন বলে উনার কোনও অবদান নেই? তো উনি জেলে ছিলেন কেন? এই ভাষা আন্দোলন করতে গিয়েই তো তিনি কারাগারে গিয়েছিলেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অনেক বিজ্ঞজন। আমি নাম বলতে চাই না। চিনি তো সবাইকে। অনেকে বলেছে উনার (বঙ্গবন্ধু) আবার কী অবদান ছিল। উনি তো জেলেই ছিলেন। ভাষা আন্দোলনে তাঁর যে অবদান সেই অবদানটুকু কিন্তু মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ৭৫ এর পর বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভাষা, মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলনের সূচনা করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই উদ্যোগে ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং আমাদের ভাষার জন্য আন্দোলন শুরু হয় ১৯৪৮ সাল থেকে। আর ভাষা আন্দোলনের পথ ধরে আমাদের স্বাধীনতা অর্জন।

 ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

পাকিস্তান ইন্টেলিজেন্স রিপোর্টে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ইন্টেলিজেন্স রিপোর্ট পাওয়ার পরে আমি একটা ভাষণ দিয়েছিলাম। তখন একজন বিদগ্ধজন আমাকে খুব ক্রিটিসাইজ করে একটা লেখা লিখলো যে আমি নাকি সব বানিয়ে বানিয়ে বলছি।

তিনি বলেন, গোয়েন্দা রিপোর্টগুলো নিয়ে এমআর আখতার মুকুলের কাছে যাই আমি আর বেবি মওদুদ। উনারা তো অনেক উঁচু মাপের লোক, আমাদের মত ছোট চুনোপুটিরা কিছু লিখলে তো হবে না। তো মুকুল ভাইকে বললাম আপনার কাছে এই যে সমস্ত রিপোর্ট দিলাম। (বঙ্গবন্ধু) কোন তারিখে কখন কী করেছেন এখানে সব ডিটেইল আছে। ফাইলটা দিলাম, আপনি এর জবাবটা লিখুন। তিনি সত্যিই লিখেছিলেন।

বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা সব সময় ছিল মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ১৯৭৫ এ জাতির পিতাকে হত্যার পর দেখা গেলো আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সেই জয়বাংলা স্লোগান নিষিদ্ধ। ৭ মার্চের ভাষণ, যে ভাষণে গেরিলা যুদ্ধের সব নির্দেশনা এবং সে ঐতিহাসিক কথা– এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; রেডিওতে প্রতিদিন এই বার্তাটা পৌঁছানো হতো। এই ভাষণের কারণে মুক্তিযোদ্ধারা যার যার যা কিছু ছিল তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই ভাষণটাও নিষিদ্ধ। আসলে বঙ্গবন্ধুর নামই তো মুছে ফেলার চেষ্টা হয়েছিল।

 ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

ভাষা-সাহিত্য, সংস্কৃতির বিকাশে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি যেন সুন্দরভাবে বিকশিত হয়।

তিনি বলেন, আমরা বাঙালি হিসেবেই মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো। আমরা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যাব উন্নয়নের পথে।

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারপ্রধান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। শুধু আমাদের না, এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির রক্ত দিয়ে রক্তের অক্ষরে একুশের শহীদরা লিখে দিয়ে গেছেন মাকে মা বলে ডাকতে চাই।

এবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ দিয়েছে সরকার। গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আরও পড়ুন- 

২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক