কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে। সরকার চায় কৃষি লাভজনক হোক, কৃষিকাজ করে কৃষকেরা উন্নত জীবন পাক। তিনি বলেন, ‘দেশের কৃষিতে এখন নেংটি পরা কৃষক নেই। কৃষি এখন জিন্স প্যান্ট পরা কৃষকের হাতে। এই তরুণ শিক্ষিত কৃষককে নির্দেশনা দেওয়ার জন্য কৃষিবিদদের প্রস্তুত হতে হবে।’
সোমবার (১৭ এপ্রিল) বিকালে বগুড়ায় পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর সংস্থায় বগুড়া অঞ্চলে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দুর্ভিক্ষের দেশকে, খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। ১৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা, সীমিত জমি ও প্রায় প্রতিবছর বন্যা, খরা, সাইক্লোনসহ প্রাকৃতিক দুর্যোগ বিবেচনা করলে এটি বিরাট অর্জন।’
‘আর এই অর্জনের পেছনে দেশের কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে' উল্লেখ করে কৃষিবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আগামীতে জলবায়ু পরিবর্তনসহ নানা সংকট মোকাবিলা করে এ সাফল্য ধরে রাখতে কৃষিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কৃষি আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে, সেটিকে আরও ত্বরান্বিত করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের কৃষিতে এখন নেংটি পরা কৃষক নেই। কৃষি এখন জিন্স প্যান্ট পরা কৃষকের হাতে। এই তরুণ শিক্ষিত কৃষককে নির্দেশনা দেওয়ার জন্য কৃষিবিদদের প্রস্তুত হতে হবে।’









