নতুন মার্কিন ভিসা নীতি ‘সবার’ জন্য প্রযোজ্য বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের সবাইকে সঠিক ‘আচরণ’ করতে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘নতুন ভিসা নীতি প্রত্যেকের জন্য প্রযোজ্য। এটি’র উদ্দেশ্য হলো- সঠিক আচরণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করা। তাই যারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করেন তাদের ভয় পাওয়ার কিছু নেই’।
রাজধানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
গত সপ্তাহে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে ওয়াশিংটন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুন্ন করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনও বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদান বন্ধ করা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস বলেন, ‘বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রও তাই চায়।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন দেখার জন্য স্বাগত জানিয়েছেন। সুতরাং আমি কোনও মতবিরোধ দেখছি না’।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র তাই চাই যা প্রতিটি বাংলাদেশি চায়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন’।
বর্তমানে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী জানতে চাওয়া হলে হাস বলেন, ‘আমি চ্যালেঞ্জের পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করেছি। আজকের প্রদর্শনীটি ঐতিহাসিকভাবে আমাদের অংশীদারিত্বের একটি মহান দৃষ্টান্ত। এখনও আমাদের বাণিজ্য, নিরাপত্তা সম্পর্ক, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, স্বাস্থ্যসেবা ক্ষেত্রের অংশীদারত্ব রয়েছে। অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি। আসন্ন নির্বাচন নিয়ে আমাদের ভালো আলোচনা হচ্ছে’।
প্রদর্শনীতে ৫০টি ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর একটি বর্ধিত উদযাপন।









