তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ মুক্তি পেয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাজধানীর সীমান্ত সম্ভারে হয়ে গেলো চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই প্রিমিয়ার শো উদ্বোধন করেন।
এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী পলক বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সবার কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাদের জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনও মাধ্যম হতে পারে না। নির্মাতারা বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রে সুনিপণভাবে তুলে ধরেছেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাবা-মায়ের আদরের খোকা কীভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তাঁর জীবন সংগ্রাম এবং বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র হিসেবে কীভাবে তিনি একজন নেতা হয়ে উঠলেন, জনমানুষের হৃদয়ে জায়গা করে নিলেন, রাজনৈতিকভাবে সফল হলেন এবং বাংলাদেশের রূপকার হলেন। কীভাবে হয়ে উঠলেন সবার মুজিব ভাই; এসব বিষয়বস্তু এই চলচ্চিত্রটির মূল উপস্থাপন।
প্রতিমন্ত্রী আরও বলেন, অ্যানিমেশন চলচ্চিত্রে এবং অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে সর্বোপরি দেশের অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে এ চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চলচ্চিত্রটির মূল কাহিনি লিখেছেন অজয় দাশগুপ্ত। সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মন এবং সোহেল মোহাম্মদ রানা। প্রযোজনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মূল নির্বাহী প্রযোজকরা হলেন জিনাত ফারজানা, আরিফ মোহাম্মদ ও মো. শফিউল আলম।
চলচ্চিত্রটির রিসার্চ লিড তন্ময় আহমেদ, প্রজেক্ট অ্যাডভাইজার মুস্তাফা মুহাম্মাদ হোসাইন এবং এক্সিকিউটিভ প্রডিউসার বায়জিদ খান রাহুল। তৈরি হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। অ্যানিমেশন ডেভেলপ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড, সহযোগী প্রতিষ্ঠান হাইপার ট্যাগ লিমিটেড।
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক, আইসিটি বিভাগের কর্মকর্তা, চলচ্চিত্রটির নির্মাতা, লেখক, গল্পকার, রিসার্চার, অ্যানিমেটর, নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ কলাকুশলীরা।
বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং টিভি চ্যানেলে দেখা যাবে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’।









