প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে দক্ষিণের উন্নয়নের সঙ্গে সকলকে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘পক্ষকালব্যাপী মশক নিধন ক্রাশ'প্রোগ্রামের উদ্বোধন এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের নিজেদের ঘর যেমন আমরা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনিভাবে আসুন আমরা সবাই মিলে নিজেদের এ শহরকে পরিচ্ছন্ন রাখি।’
তিনি বলেন, ‘আপনাদের বাড়ির ময়লা সন্ধ্যা ৭ টার পরে ডাস্টবিনে অবশ্যই ফেলবেন। কারণ সন্ধ্যা ৭ পরে ময়লা ফেললে, আমরা সারা রাত সেই ময়লা পরিস্কার করে এ শহরকে পরিচ্ছন্ন রাখবো।’
আগামী ৬ মাসের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৫ হাজার ডাস্টবিন স্থাপন করার ঘোষণাও দেন মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলইডি লাইটের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
মশক নিধন ক্রাশ প্রসঙ্গে সাঈদ বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি অলি গলিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।যদি কোনও এলাকায় অনুপস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে নাগরিকগণ আমাকে অবহিত করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।’
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী,সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ)’র নব নির্বাচিত সভাপতি শাবান মাহমুদ প্রমূখ।
এসআইএস/এপিএইচ/








