বিভিন্ন দেশের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে আলোচনা করছে সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেসনিকের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র সচিব।
এদিকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এবং ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেসনিকের মধ্যে দুই দেশের নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিব জানান, মৌলিক প্রতিরক্ষা বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে নিরাপত্তা সংলাপে আলোচনা হয়েছে। গত বছরেও নিরাপত্তা সংলাপ হয়েছিল এবং এরপরে কী অগ্রগতি হয়েছে সেটি নিয়ে আলাপ হয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক, জ্বালানি নিরাপত্তা, মানবাধিকারের কিছু বিষয়সহ অন্যান্য বিষয় ছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরাসরি জিসোমিয়া ও আকসা নিয়ে আলোচনা হয়নি। এটি মিলিটারি সংলাপের প্রতিপাদ্য বিষয়। তবে আমরা বলেছি যে বিভিন্ন দেশের সঙ্গে একই ধরনের চুক্তি নিয়ে কাজ হচ্ছে। আপনারা জানেন যে জাপানের সঙ্গে বাংলাদেশ কৌশলগত সম্পর্কে উন্নীত করেছে। জাপান তাদের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের অধীনে একটি ক্যান্ডিডেট দেশ হিসেবে আমাদের বিবেচনা করছে। সুতরাং বিভিন্ন দেশের সঙ্গে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করছি। আগামীতে হয়তো আমরা তাদেরটি বিবেচনা করবো। তাদের সঙ্গে সামনে এএফডির (আর্মড ফোর্সেস ডিভিশন) আলোচনা আছে।’








