সংসদে তড়িঘড়ি করে অধিক সংখ্যক বিল পাস চেষ্টা করছে বলে অভিযোগ করেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি প্রশ্ন করেন, ‘আমার আশঙ্কা হচ্ছে সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে? নাকি সরকার ধরেই নিয়েছে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না?’
সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল-২০২৩’ এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মোকাব্বির খান।
সরকার অনেকগুলো পুরানো আইনকে যুগোপযোগী করার চেষ্টা করছে, এটাকে ইতিবাচক মনে করেন মোকাব্বির খান। তবে তিনি বলেন, ‘সরকারের শেষ সময়ে এসে এমনগুলো বিলগুলো আনা হচ্ছে, কোন আইন, কখন আসছে, কখন পাস হচ্ছে তা বলা মুশকিল। রবিবার সাতটি বিলের রিপোর্ট এসেছে (সংসদে)। আমরা কয়টা বিল স্টাডি করবো? সেটার জন্য সময়ের দরকার। তাড়াহুড়ো করতে গিয়ে বিলগুলো মানসম্মত আইনে পরিণত হওয়ার সুযোগ খুবই কম।’
তিনি বলেন, ‘সরকারের শেষ সময়ে এসে এত বিলের জট কেন? এটা কি সরকারের কোনও দায়বদ্ধতা যে বিলগুলো এ সময়ের মধ্যে পাস করতে হবে?’
দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন বলে দাবি করেন মোকাব্বির খান। সংশোধনী আলোচনায় তিনি বলেন, ‘বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। দেশের মানুষ নির্বাচন নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথিত গণতন্ত্রের নামে দুটি রাজনৈতিক বলয় মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েছে। দেশটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলছে।’
প্রধান বিচারপতির বাড়ি, পুলিশ, সাংবাদিক, হাসপাতালে হামলার কথা তুলে ধরেন মোকাব্বির খান। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে এখনও ঐক্য এবং সমঝোতার সুযোগ আছে। এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।
জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, বেসরকারি চিনিকল লাভবান হচ্ছে। তারা প্রায় সিন্ডিকেট করে চিনির দাম বাড়ায়। কিন্তু বেসরকারি চিনিকল বছরের পর বছর লোকসানে আছে। শিল্প মন্ত্রণালয় যুগোপযোগী সিদ্ধান্ত নিলে সরকারি চিনি শিল্প লাভজনক হতো, একই সঙ্গে বেসরকারি সিন্ডিকেটের হাত থেকেও মানুষ রক্ষা পেত।
হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, সরকারি খাতে হলেই এটা (সরকারি শিল্পপ্রতিষ্ঠান) লোকসান, বেসরকারি হলেই লাভ। এর কারণ মাথাভারী পরিচালনা পর্ষদ।
দুটো বিল পাস
মেধা সম্পদকে অধিকতর সুরক্ষা দিতে জাতীয় সংসদে বাংলাদেশ পেটেন্ট আইন,২০২৩ জাতীয় সংসদে পাস হয়েছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিলটি পাসের প্রস্তাব করলে বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এছাড়া বাংলাদেশের শিল্পখাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রমের ওপর জোর দেওয়ার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩ জাতীয় সংসদে পাস হয় সোমবার।
এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি সংসদে পাস হয়।









