প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র এমপিদের বৈঠক, স্পষ্ট হবে ভূমিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠক করবেন। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী পাঁচ বছর জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা কী হবে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা আসতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয় স্পষ্ট হবে।

গত বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের রবিবার আমন্ত্রণ জানিয়েছেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ধোঁয়াশা কাটবে স্বতন্ত্রদের নিয়ে
আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতারা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে সংসদে তাদের ভূমিকা কী হবে, এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারা। স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। তাদের মধ্যে দলের অনেক ত্যাগী নেতাও রয়েছেন।

এর আগে গত ১০ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের পরপরই আওয়ামী লীগের সংসদ সদস্যরা তাদের সংসদীয় দলের সভা করেন। ওই সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করা হয়। স্বতন্ত্রভাবে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিতদের অবস্থান কী হবে, বৈঠকে সেটি নিয়েও আলোচনা হয়। পরে স্বতন্ত্রদের সঙ্গে শেখ হাসিনা আলাদা করে বসবেন বলে ওই বৈঠকে ঠিক করা হয়।

যা বলছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা
এ ব্যাপারে বরিশাল-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য পংকজ দেবনাথের সঙ্গে যোগাযোগ করলে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। এর বাইরে অন্য কোনও কথা বলতে রাজি হননি তিনি।

হবিগঞ্জ-১ আসন থেকে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডেকেছেন। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সেটাই অনুসরণ করবো। সংরক্ষিত আসনের বিষয়েও তিনি নির্দেশনা দিতে পারেন বলে মনে করছি।’

‘সরকারের বাইরেই বসতে হবে তাদের’
আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতিনির্ধারক পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই আওয়ামী লীগের পদধারী নেতা হলেও দ্বাদশ জাতীয় সংসদে তাদের সরকারের বাইরেই বসতে হবে। আওয়ামী লীগের যেসব স্বতন্ত্র প্রার্থী এখনও দলীয় পদে বহাল আছেন, সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য হিসেবেই তাদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়টিই আগামী রবিবারের বৈঠকে সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের স্পষ্ট করে দিতে পারেন বলে জানা গেছে।

স্বতন্ত্রদের সংরক্ষিত ১০ আসন
আর সামনে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীরা অন্তত ১০টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। তাই দলীয় ও স্বতন্ত্র জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সংরক্ষিত এই ১০ আসনের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান কী, সেটিও সংসদ নেতা বৈঠকে জানার চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। এর বাইরে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়ী হন।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের