দক্ষিণ কোরিয়ার নাগরিক হোয়ে ইউন জিয়ং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি বিদায়ী কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের স্থলাভিষিক্ত হন।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটারনাল অ্যাফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এডিবি জানিয়েছে, নতুন কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতি সংলাপ করবেন। তিনি বাংলাদেশের জন্য এডিবির আসন্ন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রস্তুতি শুরু করবেন। বর্তমান সিপিএস ২০২৫ সালে শেষ হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কান্ট্রি ডিরেক্টর বলেন, আমি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতিসহ অর্থনৈতিক বৈচিত্র্য আনবো। একটি টেকসই প্রবৃদ্ধির গতিপথের জন্য গুরুত্বপূর্ণ বিস্তৃতভিত্তিক সংস্কার বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
হোয়ে ইউন জিয়ং ২০০৯ সালে একজন অর্থনীতিবিদ হিসেবে এডিবিতে যোগদান করেন এবং আঞ্চলিক সহযোগিতা কার্যক্রমে ব্যাপকভাবে কাজ করেন।









