নিউ ইয়র্ক সফররত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা।
স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স) রিচার্ড ভার্মার সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মার্কিন ট্রেজারি প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। আশা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের মধ্যে আজ মঙ্গলবার একান্ত আলোচনা হবে নিউ ইয়র্কে।
প্রসঙ্গত, রিচার্ড ভার্মা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।









