জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সমন্বয়ে ‘উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে আহবায়ক করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। কমিটিকে দশ দিনের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অবশ্য এর আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির কার্য পরিধিতে উল্লেখ করা হয়েছে- সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ০৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
কয়েকদিন আগে একটি দৈনিকে জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির বিষয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনে ঘুষের বিষয়টি এসেছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া সামাজিক মাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়।









