খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পর মীর কাসেমের মামলা নিয়ে করা মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালতে আবেদন দাখিল করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর আগে সকালে আদালতের কাছে ক্ষমা চেয়ে ব্যাখ্যা হাজির করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানান, সোমবার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড চৌধুরী মো. জাহাঙ্গীর এ আবেদনটি উপস্থাপন করেন। মঙ্গলবার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক এ বিষয়ে আদালতে শুনানি করবেন।
উল্লেখ্য, ৮ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ১৪ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তার বক্তব্যের লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মীর কাসেমের মামলার বিচারকাজে তদন্ত সংস্থার ‘গাফিলতির’ কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’








