
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের হওয়া মামলা বাতিল চেয়ে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির।
আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলা করার ১২ দিন পর নিহত চন্দন সরকারের জামাতা বিজয় কুমার মামলা করেন। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। এটা ন্যায়বিচারের পরিপন্থী। তাই এটি বাতিল করা প্রয়োজন।
গত ৭ মার্চ এ আবেদনের ওপর শুনানি করতে বিব্রতবোধ করেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এ এস এম নাজমুল আহসানের ডিভিশন বেঞ্চ। এরপর আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি নতুন করে বেঞ্চ গঠনের পর এই আবেদনের নতুন করে শুনানি শুরু হয়েছে।








