রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা আহতদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হাসপাতালে ডাক্তারদের প্রাণান্তকর প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, হয়তো আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের।
সোমবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা উল্লেখ করেন।
তিনি হাসপাতাল চত্বরে অযথা ভিড় না করতে সবাইকে অনুরোধ করেছেন, কারণ এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এছাড়া, নিহত ও আহত শিশুদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ড. আসিফ নজরুল আরও জানান, যারা রক্ত দিতে চান, তারা মঙ্গলবার (আগামীকাল) ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা সিএমএইচ-এ যোগাযোগ করতে পারেন।
ফেসবুক পোস্টে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বরও (০১৯৪৯০৪৩৬৯৭) দিয়েছেন তিনি।








