পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক আইএলও কনভেনশন ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আইএলও’র দুটি গুরুত্বপূর্ণ কনভেনশন আছে। সেটি হচ্ছে কর্মক্ষেত্রে হয়রানি ও সহিংসতা রোধ করার জন্য। এই দুটি কনভেনশনের পক্ষভুক্ত হওয়ার সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। এটা করা হলে বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া, ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া , ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।








