জাহাজ ভাঙা শিল্পের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোকে গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবেশ দূষণ রোধ এবং জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক মান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় এম সাখাওয়াত হোসেন বলেন, ‘হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। যেসব ইয়ার্ড এখনও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিয়মনীতি অনুসরণ করতে পারেনি তাদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।’
এছাড়াও নৌ-পরিবহন উপদেষ্টা জাহাজ ভাঙা শিল্পে যেসব শ্রমিক নিয়োজিত রয়েছেন তাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী শ্রম নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, সরকার শিপিং খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌ-পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে।
শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।









