দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২৩তম দিনের বৈঠক চলছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন।
আজকের আলোচনার বিষয় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত, উচ্চ কক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার ইত্যাদি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকট্রোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, অনুচ্ছেদ ৪৮(৩)। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি।
বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করার কথা রয়েছে।
প্রসঙ্গত জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ৩০ জুলাই প্রথম দফার প্রস্তাবগুলোতে ঐকমত্য হওয়া বিষয়গুলো প্রকাশ করেছে কমিশন। এতে উল্লেখ করা হয়, ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৬২টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর আগে গত (২৮ জুলাই) দ্বিতীয় ধাপের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠায় কমিশন। ইতোমধ্যে তারা মতামত দিয়েছেন। তা যেকোনও সময় প্রকাশ হবে।
কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছিলেন দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ২০টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ঐকমত্য হয়েছে ১৩টিতে।









