মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে। তবে, এ মুহূর্তে দেশে জ্বালানির মূল্য বাড়ানোর কোনও পরিকল্পনা নেই সরকারের। বিষয়টি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সরকারের একমাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “দেশে কোনও জ্বালানি সংকটও নেই। দাম বাড়ানোর পরিকল্পনাও সরকারের নেই।” জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দেন মন্ত্রী।
পোশাক খাতের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, “ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”
দেশের বিমানবন্দরে আধুনিক সুবিধা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।” শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”
স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। তাদের সবাইকে ই-হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা চলছে।” ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন। বলেন, “চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”
মন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হবে।”









