সরকার তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে। তারা হলেন, পিআইডির উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন এবং অপরজন তথ্য অধিদফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাত।
বুধবার (২৫ মার্চ) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এ সংক্রাস্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, প্রেষণে নিযুক্ত উভয় কর্মকর্তার চাকরি তথ্য মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়ে তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।









