চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে স্বাধীনতাকে সমান করে ফেললে তা ‘বড় বিপর্যয়ের কারণ হবে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে।”
শনিবার (২৮ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, “নব্বইয়ের গণঅভ্যুত্থান আমাদের বড় একটা অর্জন। এর মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন, নিঃসন্দেহে। স্বাধীন দেশে এ রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ।”
তিনি বলেন, “আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। আমি মনে করি, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা।”
মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের সংখ্যা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধবিরোধীদের সঠিক তালিকা প্রণয়নের মতো অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ করার কথা জানান আহমেদ আযম খান। এছাড়া মুক্তিযোদ্ধাদের বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা মন্ত্রণালয়ের বিশেষ বিবেচনায় রয়েছে।









