সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (৫ এপ্রিল) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার কিছু সময় পরে শুরু হয়ে বেলা ৩টার আগে বৈঠকটি শেষ হয়। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, বা এ বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, সে বিষয়ে সাংবাদিকরা অবহিত হতে চাইলে কেউই কোনও কথা বলেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা ২৮ মিনিট) এ বিষয়ে জানতে গণমাধ্যমের কর্মীরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দফতরে অপেক্ষা করছেন।
জানা গেছে, নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ডাকে ৬ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এখন ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে। সেক্ষেত্রে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি। প্রথমে মূল বেতন কার্যকর করা এবং পরে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত করা হতে পারে।









