দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আইসোলেশন ও আইসিইউ সংকটের অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “জরুরি প্রয়োজনে মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আইসিইউ ইউনিট সচল করার সক্ষমতা দেখিয়েছে মন্ত্রণালয়।”
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে সংসদ সদস্য আকতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সংক্রামক ব্যাধি হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রজেক্ট শেষ হওয়ার পর একটি আইসিইউ ইউনিট বন্ধ ছিল। সেখানে একজন রোগীর মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেয়। মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চিকিৎসক, নার্স ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে সেই আইসিইউ ইউনিট পুনরায় চালু করা হয়েছে।”
রাজশাহীর হাম পরিস্থিতি নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “সেখানে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু হয়েছিল। খবর পাওয়ার পরদিনই আমরা ভেন্টিলেটর পাঠিয়েছি। সচিব ও ডিজি নিজে সেখানে গিয়েছেন। বর্তমানে রাজশাহীর আইসিইউ ইউনিটটি সম্পূর্ণ সুসজ্জিত এবং নতুন করে আর কোনও শিশু মৃত্যুর খবর নেই।”
সংসদ সদস্যের উদ্দেশে মন্ত্রী বলেন, “মিডিয়া আমাদের ওপর যে চাপ রাখছে, সেটি ভালো কাজের জন্য প্রয়োজন। তবে, প্রতিটি হাসপাতালে হামের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। আপনি চাইলে আগামীকালই আমার সঙ্গে সরেজমিনে পরিদর্শনে যেতে পারেন।”
বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাজেট নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। সামনে যে বাজেট আসছে, সেখানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। অত্যন্ত স্বচ্ছ ও সততার সঙ্গে সেই বাজেট বাস্তবায়ন করা হবে।”








