ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরামর্শ শোনেন।
একপর্যায়ে একজন অংশগ্রহণকারী বলেন, ‘আমরা জানতে চাই, স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’
জবাবে পাশে বসে থাকা সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে প্রধানমন্ত্রী হাস্যরসের ছলে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়।
পরে প্রশ্নকারী বলেন, ‘উনি যেহেতু আপনার পাশে আছেন, তিনি যদি এ বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আমরা সত্যিই আরও গর্বিত হব।’
এর আগে শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণও করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।









