আগামী ১ থেকে ১০ বৈশাখের মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে পেট্রোল ও অকটেনের দাম ১০-১৫ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৪-৫ টাকা কমানো হবে।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি জ্বালানির দাম কমার খবরে সারাদেশের অনেক মালিক লোকসানের আশঙ্কায় পাম্প বন্ধ রেখেছেন। ফলে অন্য পাম্পের ওপর জ্বালানি বিক্রির চাপ বাড়ায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। তাই এসব পাম্প বন্ধ করে দেওয়া হবে, আর এ সংখ্যা সাড়ে তিনশ’র মতো হতে পারে বলেও জানান তিনি।
গত ৬ এপ্রিল সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে মোট তিন ধাপে জ্বালানির দাম কমানো হবে। যার মধ্যে প্রথম ধাপের পরিপত্র চলতি সপ্তাহের মধ্যেই জারি করার কথা ছিল। এছাড়া আগামী এক বছরের মধ্যে পরবর্তী দুই ধাপে বাজার পর্যালোচনা করে জ্বালানির দাম কমানোর কথা জানিয়েছিলেন তিনি।
সারাদেশে ভেজাল জ্বালানি প্রতিরোধে চলতি সপ্তাহ থেকে পাম্পগুলোতে অভিযান পরিচালনার কথাও জানিয়েছিলেন তিনি। ওইদিন নসরুল হামিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিযানে যেসব পাম্পে ভেজাল জ্বালানি বিক্রির প্রমাণ মিলবে তাদের লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।
জানা যায়, সারাদেশে মোট ১ হাজার ২শ’ জ্বালানি পাম্প রয়েছে। কোন কোন পাম্প জ্বালানিতে ভেজাল দেয় তার তথ্য সরকারের কাছে আছে বলে দাবি প্রতিমন্ত্রীর।
আরও পড়ুন: ৩ বার সতর্কতামূলক বার্তা পেয়েও আমলে নেয়নি ফিলিপাইনের ব্যাংক
এসআই/এসএনএইচ/এজে/








