সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি আজ শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। তারা রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় প্রথমে নতুন মন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সেখান থেকে তারা ঢাকায় ফিরবেন। এরপর জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সুরা ফাতেহা পাঠ করবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।









