মিরাজ শেখ নিখোঁজের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ২৩:০৭ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২৩:০৭

বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপগুলোর সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঘটনাটিকে কেন্দ্র করে ভবিষ্যতে কেউ ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত ‘টু মেক দ্য ডিস্যাপিয়ার্ড অ্যাপিয়ার: ল, জাস্টিস, অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক প্যানেল আলোচনা ও বিশেষ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখের লোকজন নদীর তীরে একটি পন্টুন স্থাপন করেছিল। অভিযোগ রয়েছে, ওই পন্টুন ব্যবহার করে জলদস্যুদের জন্য সমুদ্র থেকে রসদ সংগ্রহ ও সরবরাহ করা হতো। কোস্টগার্ড পন্টুনটি সরিয়ে দেওয়ার পর এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় একপর্যায়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ সময় কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে আহত করার অভিযোগও ওঠে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

তিনি বলেন, পন্টুন অপসারণকে কেন্দ্র করে ক্ষোভের পাশাপাশি মিরাজ শেখকে কোস্টগার্ড নিয়ে গেছে—এমন অভিযোগও সামনে আসে। তবে পুরো ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপগুলোর সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

মিরাজ শেখ ও তার পরিবারের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখ ও তার বাবার রেকর্ডও একই ধরনের ছিল। তার বিরোধী গ্রুপের ক্ষেত্রেও একই ধরনের তথ্য রয়েছে।

তবে এসব বিষয় সামনে আসার পরও ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য একটি বাহিনীকে দিয়ে তদন্ত করানো হলেও সেখান থেকে কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি। ওই তদন্তে কোনো সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণও পাওয়া যায়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না।’

মিরাজ শেখের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কেউ গুমের কাহিনী তৈরি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সরকারের অবস্থান স্বচ্ছ দাবি করে তিনি বলেন, ‘উই আর ট্রান্সপারেন্ট।’

তবে ঘটনাটি নিয়ে কেউ স্বাধীন তদন্ত করতে চাইলে সরকার তাতে প্রস্তুত রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা কোনো স্বাধীন তদন্ত করতে চান, উই আর রেডি। আমরা স্বাধীন তদন্ত করবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় যৌথ বাহিনীর ‘অপারেশন ম্যানগ্রোভ’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর ফলে জলদস্যু ও বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় একটি কোস্টগার্ডকেন্দ্রিক মামলা হয়। তবে মিরাজ শেখ ইস্যুতে দস্যু দলগুলোর নিজেদের মধ্যকার দ্বন্দ্বের তথ্য রয়েছে।

এর আগে অনুষ্ঠানে প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘমেয়াদি জটিল প্রক্রিয়ায় না ফেলে সরাসরি আদালতে গিয়ে ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার পথ উন্মুক্ত করেছে। গত ২৭ আগস্ট আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে এবং বর্তমানে এটি সংসদীয় কমিটিতে রয়েছে বলেও জানান তিনি। এতে যেকোনো ভালো পরামর্শ অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রামের বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত সিঙ্গাপুর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা
ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনে অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ