‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১

সংসদে উত্থাপনের আগে র‌্যাব বিলুপ্তির বিল নিয়ে আপত্তি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠন করা হবে নতুন মোড়কে ‘র‌্যাব’কেই ফিরিয়ে আনা।  

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপনের সময় এর বিরোধিতা করে বিরোধীদলীয় জোট।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিলটি সংসদীয় কমিটিতে দুই কার্যদিবসের পরিবর্তে কার্যদিবস বাড়ানোর দাবি জানান।   

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকারের উদ্দেশে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে যে বিলটি উত্থাপনের অনুমতি চেয়েছেন, আমাদের জায়গা থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে, বিলটি উত্থাপনের অনুমতি যাতে না দেওয়া হয়। আমরা এটার উত্থাপনের বিরোধিতা করছি।’ 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনি জানেন যে, এই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নামক প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিবাদী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালার (আয়নাঘর) সঙ্গে সংশ্লিষ্ট। এখানে অনেক সংসদ সদস্য রয়েছেন, যাদের সেই আয়নাঘরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এসব কারণে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে ও জাতীয়ভাবে বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনৈতিকভাবে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি বা ১১ দল সবার কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল, র‌্যাব আমরা বিলুপ্ত করবো। এমনকি নির্বাচনের আগেও বর্তমান সরকারি দল বিএনপি তারাও কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছিল, তারা র‍্যাব বিলুপ্ত করবে। ফ্যাসিবাদী সময়েও তারা বারবার বলেছে, র‍্যাব তারা বিলুপ্ত করবে। তখন কিন্তু তারা বলেনি যে র‍্যাব বিলুপ্ত করে র‌্যাবের মতো আরেকটি প্রতিষ্ঠান তারা নিয়ে আসবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই র‌্যাবে আমরা দেখেছি, বিভিন্ন সময় যে সামরিক বাহিনীর ব্যক্তিদের সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে; সামরিক বাহিনী ও পুলিশ- দুইটাকেই একটা রাজনীতিকরণ ও নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল। জাতিসংঘ মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন জায়গা থেকে সুপারিশ এসেছিল, এই র‌্যাব যাতে বিলুপ্ত করা হয়। ফলে আমাদের মনে হচ্ছে, এই যে র‌্যাব বিলুপ্ত করে সেই জনবল দিয়েই আবার এসআরবি প্রতিষ্ঠা করছে, এটা নতুন মোড়কে র‌্যাবটাকে নিয়ে আসা হচ্ছে। র‍্যাব পুনর্গঠন করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘পুলিশের এ ধরনের বিশেষায়িত ইউনিট কেন গঠন প্রয়োজন, সেটা কিন্তু সেই সময়ই প্রশ্ন তৈরি হয়েছিল। ফলে আমরা মনে করি, এটা আমাদের ফ্যাসিবাদী সময়ের একটা দাগ, ক্ষতচিহ্ন, আতঙ্ক, ফ্যাসিবাদীর একটা চিহ্ন এই র‌্যাব। এই প্রতিষ্ঠানটি প্রথমে বিলুপ্ত করা হোক। পুলিশের বিশেষায়িত যদি কোনও ইউনিট প্রয়োজন হয় সেটা সংসদে বিশদ আলোচনার প্রয়োজন আছে, সে আলোচনা করে তারপরে এ ধরনের বিল উনি আনতে পারেন। তার আগ পর্যন্ত অনুরোধ থাকবে, এ বিলটি যাতে উত্থাপন করার অনুমতি আপনি না দেন।’

এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সময় বাড়ানোর আহ্বান জানান। সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চার কার্যদিবস সময় চেয়ে বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। সবশেষে বিলটি যাচাই-বাছাইয়ে চার কার্যদিবস সময় দিয়ে স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সংসদে বাণিজ্যমন্ত্রী২০৬ দেশে ৭৯১ পণ্য রফতানি করে বাংলাদেশ, আয় ৪৮ হাজার মিলিয়ন ডলার
নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
‘দোয়া করবেন’ বলে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস 
সর্বশেষ খবর
একযুগ পর আলোর মুখ দেখছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট
একযুগ পর আলোর মুখ দেখছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট
দুঃখ প্রকাশ করলেন বিমানমন্ত্রী
দুঃখ প্রকাশ করলেন বিমানমন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা 
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন