শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে সমানে সমান লড়াই করেছে তারা। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে পড়ার বড় ব্যবধান আর পেরোনো হয়নি। তাতে মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ১৬-৫ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর বাংলাদেশ ১৭ গোল করলেও মালদ্বীপ জবাব দিয়েছে ১৫ গোলে। তবে প্রথমার্ধের ১১ গোলের ব্যবধানই শেষ পর্যন্ত দুই দলের পার্থক্য গড়ে দেয়। বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার করেছেন সর্বোচ্চ ৮ গোল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় দলটি। ফলে ফাইনালে ওঠার জন্য রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আনা আলোনসো ফ্রাগুয়ার দলের। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।
আগামী বৃহস্পতিবার পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রোঞ্জ পদকের ম্যাচে বুধবার বেলা ২টায় খেলবে মালদ্বীপ ও নেপাল।