র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতীতে বিভিন্নভাবে অপব্যবহারের কথা উল্লেখ করে দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পরীক্ষা করে রিপোর্ট প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সংশোধিত আকারে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বলা হয়, অতীতে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কোনও বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত না করে এর দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম যথাযথভাবে কাজে লাগাতে হবে।
একইসঙ্গে নতুন বা বিদ্যমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









