স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন শেষ করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকা লাগতে পারে বলে নির্বাচন কমিশন সরকারকে জানিয়েছে। এছাড়া নির্বাচন কমিশন আগামী বছর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারে বলেও মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মীর শাহে আলম বলেন, “নির্বাচন কমিশন একটি সম্ভাব্য বাজেট দিয়েছে ৬ হাজার কোটি টাকা লাগবে এই পাঁচটি নির্বাচন শেষ করতে। আমরা মোটামুটি এই পরিমাণ অর্থ যাতে দিতে পারি সেই ব্যবস্থা রাখা আছে। এটা কম-বেশি হতে পারে, তারা একটা সম্ভাব্য হিসাব আমাদের কাছে দিয়েছে। সেখানে প্রায় ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে আমাদের খরচ হবে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা, উপজেলা নির্বাচনে লাগবে ২২০০ থেকে ২৩০০ কোটি টাকা। এই দুটা নির্বাচনেই বড় খরচ আর বাকি পৌরসভা ও সিটি করপোরেশন— এগুলোতে খরচের পরিমাণ অনেক কম।”
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এই বছর নির্বাচন কমিশন যেভাবে কথা বলেছে— তাতে আমার কাছে মনে হচ্ছে না যে, এ বছর নির্বাচন হবে। তারা যেহেতু ৬ জুন শেষ সময় দিয়েছে, তাতে মনে হয় যে আগামী বছর থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।”
প্রতিমন্ত্রী বলেন, “তারা সচিব কমিটির মিটিং করে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, আবার মিটিং করবে। এই মাসের শেষে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে আরেকটা মিটিং করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের প্রতিনিধিরা সেখানে থাকবে।”
সরকারের চাওয়া পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এই অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো যেন তারা শেষ করে, শুরুটা আমি বলবো না। শুরুটা তারাই ঠিক করবে। কারণ আমি যদি শুরুটা বলে দেই, এটা নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর হবে। কারণ নির্বাচনটা তারা পরিচালনা করবে।”









