স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য এবং ফিলিস্তিনের জনগণের স্বশাসনের আইনসঙ্গত আন্দোলনের প্রতি আবারও সমর্থনের কথা জানিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ক দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এই সমর্থনের কথা জানান। ৫২টি দেশের প্রতিনিধি এবং আঞ্চলিক সংস্থা এই মুক্ত আলোচনায় অংশ নিয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র দফতরের এক বার্তায় জানানো হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দুই রাষ্ট্র নীতির ভিত্তিতে সমস্যা সমাধানে গতিশীল, গঠনমূলক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন- কর্মসূচিতে যাচ্ছে বিএনপি
ইসরাইলি অবৈধ দখলদারদের আগ্রাসন, নির্বিচারে হত্যা ও গ্রেফতার বন্ধ করতে তিনি নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য বিশ্বসংস্থাকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মাসুদ বিন মোমেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর ভাষণে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সুস্পষ্ট নীতিগত অবস্থান তুলে ধরছেন।
সোমবারের বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্প্রতি তার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর এবং ফিলিস্তিন ইস্যুতে শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকের কথা তুলে ধরেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা ফিলিস্তিন ও ইসরাইলি কর্তৃপক্ষের উপস্থিতিতে আবারও মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর ব্যাপারে ফ্রান্সের উদ্যোগের প্রশংসা করেন।
আরও পড়ুন- আরও ২০০ মিলিয়ন পেসো ফেরত দিলেন সেই ক্যাসিনো ব্যবসায়ী
/এফএস/








