বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৩:২২ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৩:২২

দেশে উগ্রবাদী ও চরমপন্থি গোষ্ঠীর তৎপরতা, সংখ্যালঘুদের ওপর হামলা, মুক্তিযোদ্ধার দাফনে বাধা, রাজনৈতিক সহিংসতা এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তিনি বলেছেন, ‘দেশে উগ্রবাদী প্রবণতা ও কিছু গোষ্ঠীর আস্ফালন রয়েছে। তবে সরকার এসব ঘটনায় নিশ্চুপ নেই। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের তৎপরতা বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।’ একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনও সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

আইজিপির সাম্প্রতিক ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেছেন, ‘পুলিশ সদরদফতর এরই মধ্যে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে। সরকারের অবস্থান হচ্ছে, কোনও অপরাধীকে বিচারের মুখোমুখি করতে হবে আইন অনুযায়ী। রাষ্ট্র নিজেই কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যা করতে পারে না। কারণ একটি রাষ্ট্রের সঙ্গে অপরাধীর পার্থক্য হলো, রাষ্ট্র আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধের মোকাবিলা করে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ব্রিফিংয়ে শেখ হাসিনার ওয়াশিংটনকেন্দ্রিক সংবাদ সম্মেলন, তাকে দেশে ফিরিয়ে আনা, সাম্প্রতিক সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ, সংবিধান সংশোধন, তথ্য অধিকার আইন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। 

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা এসেছে

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্যটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।

তিনি বলেন, ‘আইজিপির মূল বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া অসম্ভব নয়। অনেকে সেভাবেই বক্তব্যটির ব্যাখ্যা করেছেন। তবে পরবর্তী ব্যাখ্যায় বলা হয়েছে, তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে চাননি। 

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও পুলিশ সদর দফতর ব্যাখ্যা দিয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘ওই বক্তব্যে সাংবাদিকদের সম্পর্কে এক ধরনের ঢালাও অভিযোগের বিষয় ছিল। সেটিও স্পষ্ট করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বক্তব্য যদি ভুলভাবে মানুষের কাছে পৌঁছায়, তাহলে সেটি ব্যাখ্যা করা প্রয়োজন। তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয়, এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে।’ 

আইজিপি তার আগের বক্তব্যে অনড় থাকেননি বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার পর তার অবস্থান স্পষ্ট করা হয়েছে। এ বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। তবে কেবল ব্যাখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় কিনা এবং আইজিপির বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা— এমন প্রশ্নের সরাসরি সিদ্ধান্ত জানাননি তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আইজিপির বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বিদেশ সফর শেষে বিষয়টি বিবেচনা করবেন।

‘রাষ্ট্র যখন বিচারবহির্ভূত হত্যা করে, তখন রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না’

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনও নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কাউকে হত্যা করতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব অপরাধীকে গ্রেফতার করা, তদন্ত করা এবং বিচারের জন্য আদালতে সোপর্দ করা।

তিনি বলেন, ‘একটা খুন তো যেকোনও মানুষই করতে পারে। একটা রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করার ক্ষমতা প্রয়োগ করে। রাষ্ট্র যখন কাউকে ধরে খুন করে ফেলে, তখন রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, সেটা মাস্তানের মতো আচরণ করে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে সেটিও হতে পারে বিচারিক প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন হওয়ার পর। আইন ও আদালতকে পাশ কাটিয়ে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নেই।’ 

তিনি বলেন, ‘একটি সরকার যদি কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যা করে, তাহলে রাষ্ট্রের সঙ্গে একজন অপরাধীর পার্থক্য থাকে না। গণতান্ত্রিক সরকার কখনও চাইবে না, গুম বা হত্যাকাণ্ড ঘটুক।’

সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার করতে পারে, এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সরকার চাইলেও বেআইনি কাজ করার সুযোগ নেই। রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীরা কোনও বেআইনি নির্দেশ পালন করতে বাধ্য নন। 

জাহেদ উর রহমান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনও বেআইনি কাজ করার নির্দেশ দেওয়া হলেও তারা সেটি পালন করতে বাধ্য নন। তাদের আইনের মধ্য থেকেই কাজ করতে হবে।’

নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে যাবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড জনগণের মধ্যে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। ফলে এটি সরকারের জন্যও ক্ষতিকর।’ 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা
আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করবেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী না যাওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কের যোগ নেই: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা
ভাত পুড়ে গিয়েছে? পোড়া গন্ধ দূর করতে কাজে লাগান এই টোটকা
ভাত পুড়ে গিয়েছে? পোড়া গন্ধ দূর করতে কাজে লাগান এই টোটকা
সুশাসন নয়, সুপরিচালনা বদলে দিতে পারে বাংলাদেশকে 
সুশাসন নয়, সুপরিচালনা বদলে দিতে পারে বাংলাদেশকে 
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে