শিল্পে জ্বালানি সংকট, চাঁদাবাজি ও শিক্ষার দুরবস্থা নিয়ে সংসদে সরব শফিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৩০

দেশের তৈরি পোশাকশিল্পসহ রফতানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং বিচারপ্রক্রিয়ায় সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পোশাকশিল্পের সংকট তুলে ধরে শফিকুর রহমান বলেন, শিল্প বাঁচলে এর সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও মালিকরাও বাঁচবেন। এ খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। শিল্প উদ্যোক্তাদের উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ঋণের সুদের হার বেশি। ব্যাংক খাতের দুরবস্থার কারণে প্রয়োজনীয় কার্যকরী মূলধন ও মূলধনি যন্ত্রপাতি আমদানির অর্থায়নও পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি অ্যাকসেসরিজ ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং করসংক্রান্ত জটিলতা রয়েছে।

তিনি বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন হলে অন্য কারখানায় হামলা, সিরামিক কারখানায় ভাঙচুর কিংবা বিদ্যুৎ অফিসে আগুন দেওয়া হচ্ছে কেন? এসব ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তি রয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘কোনও শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না। আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার নিজের ঠিকানা।’

শ্রমিক আন্দোলনের আড়ালে যারা কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে হামলা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পোশাকশিল্পের অনেক কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এ নির্ভরতা কমাতে দেশে প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় চাহিদার বড় অংশ নিজেদের উৎপাদন থেকে পূরণের উদ্যোগ নেওয়া উচিত।

পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, পরোক্ষভাবে আরও প্রায় ৪০ লাখ মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। অর্থাৎ প্রায় ৮০ লাখ মানুষের কর্মসংস্থান এ শিল্পের ওপর নির্ভরশীল। প্রতি পরিবারে চারজন সদস্য ধরলে প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের জীবন-জীবিকা এর সঙ্গে সম্পৃক্ত।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ১২ হাজার টাকা প্রারম্ভিক বেতনে একজন শ্রমিকের পক্ষে বাড়িভাড়া, খাবার, সন্তানের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় মেটানো কঠিন। অন্যদিকে শিল্পের উৎপাদন ও মুনাফা নিশ্চিত না হলে মালিকদের পক্ষেও শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া সম্ভব নয়। এ জন্য শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ বিবেচনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দেখতে চান বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, আগের অধিবেশনগুলোতে অনেক ঘোষণা দেওয়া হলেও সেগুলোর সব বাস্তবায়িত হয়নি। অগ্রাধিকারের ভিত্তিতে শ্রমিকদের জন্য নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়ন করা হলে তাদের মধ্যে আস্থা, কর্মস্পৃহা ও উৎপাদনশীলতা বাড়বে।

চাঁদাবাজি বন্ধে কঠোর সিদ্ধান্তের দাবি

দেশে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদ সদস্যরা এসব সমস্যা নিয়ে একাধিকবার কথা বলেছেন। বিভিন্ন বিধিতে নোটিশ দিয়ে বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বক্তব্য দেওয়ার সময় আগের চেয়ে উন্নতির কথা বলেন উল্লেখ করে তিনি বলেন, আগের চেয়ে ভালো হতে হতে দেশ এখনো ভালো অবস্থায় পৌঁছাতে পারেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের ভোগান্তি বেড়েছে।

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ। আজকে দ্রব্যের মূল্য দ্বিগুণ, তিন গুণ, আড়াই গুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।’

শিল্প খাতেও চাঁদাবাজির প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে একজন শিল্পোদ্যোক্তার বক্তব্য সংসদে উঠে এসেছে উল্লেখ করে বলেন, সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের সংসদ সদস্যরাই চাঁদাবাজির সমস্যা অনুভব করেন। তাহলে সম্মিলিতভাবে এ সমস্যার সমাধান করা যাচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান। কাউকে ছাড় দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা পারব। শুধু মজবুত সিদ্ধান্তের আমাদের প্রয়োজন। সেই সিদ্ধান্তটা আমার দৃষ্টিতে এখনও নেওয়া হয়নি।’

সরকারের দায়িত্বের কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। অন্যদিকে বিরোধী দলের দায়িত্ব সরকারের ন্যায়সংগত কাজকে এগিয়ে নেওয়া এবং ভুল হলে তা দেখিয়ে দেওয়া। বাস্তব সমালোচনাকে উৎসাহিত করতে হবে। সমালোচনার জবাবে সমালোচককে হেয় করা উচিত নয়। সমস্যার সঠিক চিত্র স্বীকার না করলে তার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের অভিযোগ

দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা নেই বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষকদের বাসায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড আমরা বলি। এই শিক্ষা নিয়েও আমরা বিভিন্ন সমস্যায় আছি। একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে কোনো শৃঙ্খলা এবং কোনো সিস্টেম ফাংশন করছে না।’

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, তার একজন শিক্ষক শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ববোধ থেকে ব্যক্তিগতভাবে পড়ানোর পরিবর্তে নিয়মিত ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন। শিক্ষার্থীর অন্য বিষয়গুলোর ক্ষতি হোক, তা তিনি চাননি। শিক্ষকের সেই দায়িত্ববোধের সঙ্গে বর্তমান সময়ের অনেক শিক্ষকের আচরণের তুলনা করেন তিনি।

শফিকুর রহমান বলেন, অনেক শিক্ষক লিখিত কিছু স্ক্রিপ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেন এবং সেগুলো অন্য কাউকে না দেওয়ার শর্ত দেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস না হয়ে শিক্ষকদের বাসায় ক্লাস হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পরিচালনা কমিটিগুলোতে যোগ্য ও শিক্ষার প্রতি দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

নিজ নির্বাচনি এলাকার মণিপুর উচ্চবিদ্যালয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সেরা বিদ্যালয় ছিল। পাঁচবার সারা দেশের মধ্যে প্রথম হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী আমলে প্রতিষ্ঠানটির মান নষ্ট হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখনও একই ধারা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে একসঙ্গে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে শফিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন মানুষদের বসাতে চেয়েছিলেন, যারা শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন এবং প্রতিষ্ঠানের মানের বিষয়ে আপস করবেন না। কিন্তু তিনি সফল হননি।

তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি ব্যর্থ হয়েছি। এখন আমি বিরোধীদলীয় নেতা। আমার আসনের যদি এই চিত্র হয়, তাহলে বাকিগুলোর আর কী অবস্থা?’

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এর সুফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা—সব জায়গায় একই ধরনের সমস্যা রয়েছে উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। এমনকি মসজিদের পরিচালনা কমিটি নিয়েও রাজনৈতিক টানাপোড়েনের কথা শোনা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে যোগ্যতার ভিত্তিতে পরিচালনা করতে হবে।

বিচারপ্রক্রিয়ায় সমান আচরণের আহ্বান

বিচারপ্রক্রিয়ায় কারও প্রতি অবিচার না করে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অতীতে তাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু এখন একজন মানুষের সঙ্গেও সামান্য অবিচার হোক, তা তারা চান না। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের প্রাপ্য শাস্তি পাবেন।

সংসদ সদস্যদের বক্তব্যে বিচার নিয়ে বিভিন্ন আক্ষেপ উঠে এসেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার ও বিচারপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হলেও বিচারপ্রক্রিয়ায় সমান আচরণ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সঙ্গেও সামান্য অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সকল খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পেয়ে যাবে ইনশাল্লাহ। কেউ এখান থেকে বঞ্চিত হবে না।’

আইনের দৃষ্টিতে সবাই সমান—এই নীতি বাস্তবে কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের বিচারের আওতায় আনা হয়েছে, হচ্ছে বা হবে, তাদের সবার ক্ষেত্রে একই নীতি অনুসরণ করতে হবে। জনগণকে বিচারপ্রক্রিয়ায় সমান আচরণের বিষয়টি দেখতে হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
টুঙ্গিপাড়ায় হামলা-অগ্নিসংযোগ: সংসদে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান শফিকুর রহমানের
সর্বশেষ খবর
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী