ব্যাপক নিরাপত্তার মধ্যে আজ শনিবার তৃতীয় ধাপে দেশের ৪৮টি জেলার ৮৭টি উপজেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় ভোটার ও প্রার্থীরা। প্রথম দুই ধাপে ভোটে ব্যাপক অনিয়ম, সংঘাত-সহিংসতা ও হতাহতের ঘটনায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই তৃতীয় ধাপে দুর্নাম ঘোচাতে বেশ কঠোর হয়েছে কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে তারা। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ‘বিশেষ বার্তা’কেও তারা কাজে লাগাতে চায়।
আরও পড়ুন: জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে শেখ হাসিনা
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে প্রিজাইডিং অফিসাররা ব্যালটবাক্সসহ ভোটগ্রহণের সরঞ্জামাদি নিয়ে শুক্রবার বিকেল থেকে নিজ নিজ ভোট কেন্দ্রে অবস্থান নেন। তাদের সঙ্গে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইসি সূত্র জানায়,কমিশনের হিসেব অনুযায়ী ৬১৬টি ইউপিতে ভোট গ্রহণের কথা থাকলেও লক্ষ্মীপুর জেলার রায়পুরের দু’টি ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য সবপদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না।
ইসির কর্মকর্তারা জানান,প্রথম দুই ধাপের মতোই তৃতীয় ধাপে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে ২০ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এবার আইনশৃঙ্খলা বাহিনীকে চরম সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানিয়েছেন, শনিবারের ভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনি এলাকায় মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সঙ্গে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
তৃতীয় ধাপের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন,গত দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে শক্ত অবস্থানে থাকবে আইন শৃঙ্খলাবাহিনী। কারণ আমরা জনগণকে নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে চাই। ভোট কেন্দ্রে যাতায়াতে কেউ বাধা দিলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভোটারদের নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভোটগ্রহণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটগ্রহণের সময় কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তৃতীয় ধাপের ভোট তথ্য: ২৩ এপ্রিল ভোটের জন্য ৬৮৫টি ইউপি’র তালিকা করেছিল ইসি। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙ্গামাটি ও বান্দরবানের ৫৩ ইউপি ষষ্ঠধাপে নেওয়া হয়েছে। নানা জটিলতায় আরও একডজন ইউপি’র এই ধাপের ভোটের তালিকা থেকে বাদ যায়। ফলে আজ ৬১৪ ইউপিতে ভোট হবে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন,সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: রানা প্লাজা ধস: ৫৮ শতাংশ শিশু স্বাভাবিক জীবন হারিয়েছে
তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৪৮৭ জন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ১৮৫ জন। এদের মধ্যে মোট ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ৬১৫ জন, বিএনপি ৫৩৯ জন, জাতীয় পার্টি ১৬৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২৬ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯২ জন, জাতীয় পার্টি-জেপি ৩ জন, খেলাফত মজলিস ২ জন, বিকল্পধারা ৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৫ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১০ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩ জন,বাসদ ১ জন ও অন্যান্য ৪ জন।
৬১৪ ইউপিতে মোট ভোটার হচ্ছে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন। সাড়ে ছয় হাজারেরও বেশি ভোট কেন্দ্রে লক্ষাধিক ভোট গ্রহণ কর্মকর্তা ও দেড় লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
শনিবারের নির্বাচনের বিষয়ে কমিশনের সব প্রস্তুতির কথা জানিয়ে কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনি কর্মকর্তারা এখন কেন্দ্রে অবস্থান করছেন। আশা করি জনগণকে আমরা সুষ্ঠু ও সুন্দর ভোট উপহার দিতে পারব।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের ব্যবস্থা গ্রহণের পরও আগের দুই ধাপে কিছু অনিয়ম ও হতাহতের ঘটনা ঘটায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কমিশনকে একটি বার্তা পাঠিয়েছেন। আশা করি এটা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে।
প্রসঙ্গত,সারা দেশের নির্বাচন উপযোগী ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬টি ধাপে করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ৫টি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠিত হয়েছে দুই ধাপের নির্বাচন। শনিবার শুরু হচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন।
এবারই প্রথম দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে মেম্বার পদে নির্বাচন হবে নির্দলীয়। চেয়ারম্যান পদে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।
/ইএইচএস/এসএনএইচ/এমএসএম/








