নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই সরকার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়, ‘চরম অরাজকতার ঘন অন্ধকারের মধ্যে রয়েছে দেশ। গতকাল (সোমবার) নিহত জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী একটি সভায় বলেছেন- এগুলোর সঙ্গে বিএনপি- জামায়াত জড়িত। আইনি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী চটজলদি কী করে বললেন যে হত্যাকাণ্ডের সঙ্গে বিরোধী দল জড়িত?’
তিনি বলেন, ‘এর আগেও বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে বিএনপি’র লোকদের জড়িত করার। এর অর্থ দাঁড়ায়-দেশে তাদের নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই তারা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসনির্ভর এই সরকার সন্ত্রাসবাদের অন্ধগলিতে পথ হারিয়ে ফেলার কারণেই এখন উন্মাদের মতো কথা বলছে। প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমনে রক্তাক্ত পন্থা অবলম্বন করে নিজের মসনদকে কন্টকমুক্ত রাখতে গিয়েই দেশব্যাপী হত্যা আর লাশের উৎসব চালাচ্ছেন। সরকার দলীয় ক্যাডাররা উস্কানি পেয়ে ভয়াবহ বেপরোয়া হয়ে ওঠার কারণে জনগণের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে।’
আরও পড়ুন:
জুলহাজ মান্নানের জানাজা সম্পন্ন
/এসটিএস/এফএস/আপ-এপিএইচ/








