মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো’র পরিচালনা পর্ষদে দু’জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান রেখে ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬’ উত্থাপিত হয়েছে জাতীয় সংসদে।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বিলটি উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৯১ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে। বর্তমান বিধানে পরিচালনা পর্ষদে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান ও তিনজন সার্বক্ষণিক সদস্য রয়েছেন। প্রস্তাবিত আইনে, চারজন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায় এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য অধিকতর অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে।
নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ উত্থাপন
জাতীয় সংসদে সোমবার একইসঙ্গে সামরিক আমলে জারি করা নৌ-বাহিনী সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার জন্য ‘নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন সৈয়দ আশরাফ। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আরও পড়ুন-
সরকার আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে: সৈয়দ আশরাফ
রোজ কেয়ামতেও যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হবে না: তোফায়েল
/ইএইচএস/এফএস/







