ভারতগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড্ডয়নের দীর্ঘ সময় পর আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পরে অন্য একটি বিমানে করে ভারতে পৌঁছানো হয় যাত্রীদের। সোমবার দুপুরে এ ঘটনায় কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং সেই ফ্লাইটের ৭৯ জন যাত্রীর মধ্যে ১১ জন ভয়ে পরে যাত্রা করেননি। সেই বিমানে থাকা এক যাত্রী সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানটির যাত্রী গোলাম রব্বানী জানান, রিজেন্ট এয়ারওয়েজে ওঠার পর উড্ডয়ন শুরুর প্রায় ১৫ মিনিট পর হঠাৎ-ই বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। এ অবস্থায় অন্য ইঞ্জিন দিয়ে বিমানটি আকাশেই উড্ডয়ন করতে থাকে। এসময় বিমানের শব্দ উঠানামা করায় যাত্রীরা সবাই ভীত হয়ে যান। এরপর আকাশে প্রায় এক ঘণ্টা বিমানটি উড়তে থাকে। এ অবস্থায় কলকাতা বিমানবন্দরে আর না ল্যান্ড করে আবারও ঢাকায় ফিরে আসে। এসময় বিমানে আগুন ধরা দেখে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য আরও কয়েকজন বেশ অসুস্থ হয়ে পড়েন। ৭৯ জন যাত্রীর মধ্যে ১১ জন ভয়ে আর যাত্রা করেননি। পরে অন্য আরেকটি বিমানে আমরা প্রায় ৬ ঘণ্টা দেরিতে কলকাতা সুভাষ চন্দ্র বিমানবন্দরে এসে পৌঁছেছি।
এ প্রসঙ্গে রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার আশীস রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে ভারতের উদ্দেশে বিমান উড্ডয়ন করে। অয়েল প্রেশার লো দেখানোর কারণে কিছুটা সমস্যার দেখা দেয়। ৭ হাজার ফিট উঁচুতে ওঠার পর তেলের প্যারামিটার হাই হয়ে যায়। এসব ক্ষেত্রে সিস্টেম রিসেট করতে হয়। এজন্য পাইলট ঝুঁকি না নিয়ে আবার ঢাকায় ল্যান্ড করেন। পরে অন্য একটি বিমানে করে যাত্রীরা আবার ভারতের উদ্দেশে ফ্লাই করে। তবে আগুন লাগার ঘটনা অস্বীকার করে তিনি বলেন, যাত্রীরা হয়তো ভয়ে মেঘ দেখে এমনটি ভেবেছেন। মূলত ইলেকট্রনিক্স সিস্টেম এরর এর কারণে এমনটি হয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণে বিমান আপ-ডাউন করেছিল, ইঞ্চিনের সমস্যার জন্য নয়।
/সিএ/এএইচ/
আরও খবর পড়ুন-







